বিএনপি চাঁদাবাজদের কর্মসংস্থান দিয়েছে: সারজিস

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি সরকার চাঁদাবাজদের কর্মসংস্থান দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে যে ধরনের নিপীড়ন ও জুলুমের চিত্র দেখা গিয়েছিল, বিএনপি সরকারের ক্ষেত্রেও মাত্র ছয় মাসের মধ্যে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি আওয়ামী লীগের কাছে যে পদ্ধতিতে নিপীড়িত ও জুলুমের শিকার হয়েছিল, বর্তমানে তারাই সেই একই পদ্ধতি অনুসরণ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দৃশ্য ধীরে ধীরে সামনে এসেছিল, বিএনপি সরকারের ক্ষেত্রে সেগুলো মাত্র ছয় মাসের মধ্যেই দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে সারজিস বলেন, ক্ষমতায় আসার পরপরই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের প্রায় প্রতিটি খাত সরাসরি সম্পর্কিত হওয়ায় এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে।

তিনি অভিযোগ করেন, মানুষ অর্থ পরিশোধ করেও প্রয়োজনীয় সার পাচ্ছে না। বিদ্যুৎ বিল দেওয়ার পরও অনেকে নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। এসব সমস্যার কারণে শিল্প ও ব্যবসা খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে এবং শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বিভিন্ন খাতে দলীয় লোকজন নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার চর্চায় পরিবর্তন আনা প্রয়োজন। যে পদ্ধতির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অতীতে আন্দোলন করেছে, ক্ষমতায় গিয়ে সেই একই পদ্ধতি অনুসরণ করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

সভায় খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

সাংগঠনিক সমন্বয় সভায় এনসিপির নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মতবিনিময় করেন নেতারা।

সভায় নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। খাগড়াছড়িতে দলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়েও আলোচনা হয়।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত