১৯ আগস্ট ২০২৫ | নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ নামের একটি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইডিজিই প্রকল্পের আওতায়। প্রশিক্ষণে শিক্ষার্থীরা মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস, এবং জিইএস গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন ডিজিটাল দক্ষতা হাতে-কলমে শিখতে পারবে।
প্রধান উপদেষ্টা হিসেবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা, প্রোডাকটিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করা।
প্রাথমিকভাবে এই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের কবরস্থান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ১৬০ জন শিক্ষার্থীকে নিয়ে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা এবং টাঙ্গাইলের আরও ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী প্রশিক্ষণের আওতায় আসবে। বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।
ইডিজিই প্রকল্পের প্রত্যাশা, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেশের দক্ষ, স্মার্ট ও প্রযুক্তিসমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।