এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে আইসিটি

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ এআই এখন বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের মূল ধারা। এসব প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে না পারলে বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এ কারণেই আইসিটি বিভাগ থেকে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রশিক্ষণার্থীদের মতামত নিয়েই প্রশিক্ষণকে আরও সময়োপযোগী করে তোলা হবে। পাশাপাশি তিনি রংপুরের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের উত্তরাঞ্চল প্রযুক্তিতে পিছিয়ে আছে। তাই রংপুর থেকেই প্রশিক্ষণ কর্মসূচির যাত্রা শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, মোবাইল আইসিটি ল্যাব চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ল্যাবে ট্রেনিং সুবিধা থাকবে, যাতে করে মানুষ যেখানে অবস্থান করবে সেখানেই প্রশিক্ষণ পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ধাপে ধাপে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ৪২ ঘণ্টার কোর্স শেষে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ চালু করা হবে।

প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, এজ প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের ভূমি থেকে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি জানান, ডিজিটাল ট্রান্সফরমেশনের যে স্বপ্ন সরকার দেখছে, তার সঙ্গে জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. রনি মিয়া। তিনি জুলাই যোদ্ধাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য একটি করে কম্পিউটার প্রদানের দাবি জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে শুরু হওয়া এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং আরও ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই উদ্যোগকে দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করা গেলে বাংলাদেশ কেবল প্রযুক্তি খাতে নয়, বৈশ্বিক অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত