প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৯ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একমত হয়ে এই তারিখ চূড়ান্ত করেন। এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার সারাদেশে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে।
পরীক্ষা অনুষ্ঠিত হয় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবং ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন। এ ছাড়া বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
শিক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশের আগে উত্তেজনা ও আগ্রহ সবসময়ই প্রবল থাকে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার ফল শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নম্বর অনলাইনে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন।