প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ-২০২৬’ সম্মেলন, যা চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘RUMUNA’ এই সম্মেলনের আয়োজক, যেখানে জাতিসংঘের কাঠামো, নিয়মকানুন এবং কূটনৈতিক প্রক্রিয়ার আদলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক ও নীতিনির্ধারণমূলক প্রস্তাব উপস্থাপন করবেন। এই সম্মেলন ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার উপদেষ্টা ও রাবি অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক মো: আতিকুল ইসলাম, অ্যালামনাই দেওয়ান বাধঁন, বর্তমান সভাপতি শুভ্রদেব চাকমা, সাধারণ সম্পাদক এবং অন্যান্য আয়োজকরা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি ও বহুপাক্ষিক সম্পদায়ন কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’। সম্মেলনে মোট আটটি কমিটি পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO), জাতিসংঘ সাধারণ পরিষদের পঞ্চম কমিটি (প্রশাসনিক ও বাজেটারি কমিটি), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC), জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD), এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC), আন্তর্জাতিক সংবাদমাধ্যম/আন্তর্জাতিক প্রেস, এবং বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (SCBA)।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিতর্ক, আলোচনার মাধ্যমে প্রস্তাব উপস্থাপন করবেন এবং কূটনৈতিক কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। আয়োজনকারীরা আশা প্রকাশ করেছেন, সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্বগুণ, কূটনৈতিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম ১৬ এপ্রিল দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। সমাপনী অধিবেশন ১৯ এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত হবে।
উল্লেখযোগ্য, ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘RUMUNA’ প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার মূল লক্ষ্য শিক্ষার্থীদের নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করা। ২০১৫ সালে প্রথম আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের পর সংস্থাটি নিয়মিতভাবে জাতীয় পর্যায়ে সম্মেলন আয়োজন করে আসছে এবং এ পর্যন্ত মোট ৮টি জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।
সংস্থার সভাপতি শুভ্রদেব চাকমা সংবাদ সম্মেলনে বলেন, “ছায়া জাতিসংঘ সম্মেলন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া অনুশীলনের এক অনন্য প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা এখানে শুধু নিজেদের মতামত ব্যক্ত করবেন না, বরং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে নীতি প্রণয়নে অংশগ্রহণের দক্ষতা অর্জন করবেন।” সাধারণ সম্পাদকও বলেন, “এই সম্মেলন শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি করবে। এটি ভবিষ্যতে তাদের পেশাগত ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রমে সহায়ক হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টা অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, “শিক্ষার্থীরা ছায়া জাতিসংঘে অংশগ্রহণের মাধ্যমে কেবল শিক্ষামূলক অভিজ্ঞতা লাভ করবে না, বরং এটি তাদের মধ্যে দায়িত্বশীল নেতৃত্ব গঠনে সহায়ক হবে। আমরা আশা করি এই সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক, নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক সম্পর্কের দক্ষতা বৃদ্ধি করবে।”
এই সম্মেলন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক প্রক্রিয়া ও নীতিনির্ধারণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। দেশ ও বিশ্বব্যাপী বর্তমান চ্যালেঞ্জ এবং বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিশ্লেষণী দক্ষতা অর্জন করবে। আয়োজনকারীরা জানিয়েছেন, সম্মেলনটি শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব বিকাশ এবং বিশ্বমঞ্চে আত্মপ্রকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।