বিয়ের পর রোনালদোকে আল নাসরের বিশেষ সংবর্ধনা

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর আবারও মাঠের প্রস্তুতিতে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিয়ের মাত্র দুই দিন পর আল নাসরের অনুশীলনে যোগ দিয়ে সতীর্থ ও কোচের কাছ থেকে পেয়েছেন বিশেষ অভ্যর্থনা।

পর্তুগালের কাসকাইসে গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরুর পর খুব বেশি সময় না নিয়ে তিনি ফিরে আসেন ক্লাবের অনুশীলনে। সেখানে তাকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে আল নাসর।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মৌসুম সামনে রেখে দলের খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানানো হলে সতীর্থদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুশীলনস্থল।

আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সতীর্থদের শুভেচ্ছা হাসিমুখে গ্রহণ করছেন রোনালদো। একপর্যায়ে তিনি মাথা নত করে তাদের অভিনন্দনের জবাব দেন। এদিন তার নতুন হেয়ারস্টাইলও নজর কেড়েছে।

প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। পারিবারিক এই আয়োজনে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকার বিয়ে ঘিরে বড় আয়োজনের নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সীমিত পরিসরেই সম্পন্ন হয়।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের আনন্দ শেষে এখন আবার ফুটবলেই মনোযোগ দিতে চান রোনালদো। সামনে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। আল নাসরকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারে বহুল আলোচিত ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যও রয়েছে তার।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া রোনালদোর সামনে এখন নতুন মৌসুমে ক্লাবের সাফল্য এবং ব্যক্তিগত মাইলফলক—দুই লক্ষ্যই গুরুত্বপূর্ণ। বিয়ের পর সতীর্থদের এমন উষ্ণ অভ্যর্থনা তার নতুন মৌসুমের প্রস্তুতিতে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত