ম্যাকাই টেস্টে রেনশকে ফেরাল অস্ট্রেলিয়া

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে ডারউইনের প্রথম টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে দলে ফিরেছেন ম্যাট রেনশ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা না করার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাকাইয়ের উইকেট আরও ভালোভাবে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে পরে নিজেদের একাদশ প্রকাশ করে অস্ট্রেলিয়া।

কামিন্স জানিয়েছিলেন, স্কোয়াডের সব খেলোয়াড়ই ফিট এবং কোনো চোটের সমস্যা নেই। উইকেটের আচরণ দেখে বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ডারউইন টেস্টের তুলনায় কেবল একজন খেলোয়াড় পরিবর্তন করেছে তারা।

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার হিসেবে থাকছেন বিউ ওয়েবস্টার। ফলে স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।

অন্যদিকে ব্যাটিং লাইনআপে ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন রয়েছেন। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে।

সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্টে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। অন্যদিকে বাংলাদেশ জয় বা ড্র করতে পারলে সিরিজ নিজেদের করে নেবে। ফলে দ্বিতীয় টেস্টটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ম্যাকাইয়ে ম্যাচটি শুরু হবে ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায়।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত