প্রকাশ: ২৫ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশিদের সংকট ও চ্যালেঞ্জের চিত্র যেন আবারও স্পষ্ট হয়ে উঠলো মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। যথাযথ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবার সেখানে আটকে দেওয়া হয়েছে ১২৩ জন বাংলাদেশিকে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ভ্রমণের উপযুক্ত কাগজপত্র না থাকা, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন বুকিং না থাকাসহ একাধিক কারণে মোট ১৯৮ জন যাত্রীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, এই যাত্রীদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির আওতায় ফেরত পাঠানো হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকেই নিতে হবে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল ১ থেকে আটক করা হয় ১২৮ জনকে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলাদেশি—১২৩ জন। তাদের সঙ্গে ছিলেন দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশীয় এবং একজন সিরিয়ান নাগরিক। একই দিনে টার্মিনাল ২ থেকে আরও ৭০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি রয়েছেন।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (AKSEM) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন এই ঘটনায় কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা মালয়েশিয়াকে অবৈধ অনুপ্রবেশের জন্য ট্রানজিট হাবে পরিণত হতে দিতে পারি না। আমাদের সীমান্ত ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি নজরদারির আওতায় রয়েছে।” তিনি আরও জানান, যারা প্রয়োজনীয় ভ্রমণ নথি, নির্ভরযোগ্য উদ্দেশ্য বা পর্যাপ্ত অর্থ প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে, তাদেরকে ফেরত পাঠানোই এখন নিয়মিত প্রক্রিয়া হয়ে উঠছে।
প্রসঙ্গত, এই ঘটনা একক নয়। এর আগে ১১ জুলাই একইভাবে ৯৬ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল। সে সময়ও অনুরূপ অভিযোগে তাদের বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ প্রক্রিয়া গ্রহণ করা হয়।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশ্ন তোলে বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম ও অভিবাসন ব্যবস্থাপনার জোরদার প্রয়োজনীয়তার ওপর। অনেকেই বিদেশ ভ্রমণের আগে যথাযথ নিয়মকানুন, ডকুমেন্টেশন, ও আর্থিক প্রমাণ না থাকার কারণে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। তদুপরি, ভ্রমণের ‘অস্পষ্ট উদ্দেশ্য’ একটি গুরুতর সন্দেহ হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন দেশে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসনসঙ্কুল অঞ্চলে।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ভিসা থাকলেই বিদেশ ভ্রমণের সব দরজা খুলে যায় না। উন্নত নিরাপত্তা ও নজরদারির যুগে ভ্রমণকারীর আর্থিক সক্ষমতা, থাকার জায়গা, এবং ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষত বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া এক জনপ্রিয় গন্তব্য হওয়ায় দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন আরও সতর্ক।
এমন পরিস্থিতিতে সরকারের প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রয়োজনীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত আগাম সতর্কতা ও সচেতনতামূলক প্রচার চালানো, যাতে ভ্রমণপ্রত্যাশীরা যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশগমন করেন এবং দেশের সুনাম ক্ষুণ্ন না হয়।
বিমানবন্দর থেকে ক্রমাগত বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘটনা আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। এই বাস্তবতায় অভিবাসন ও বিদেশযাত্রার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সচেতনতা নিশ্চিত করাই হতে পারে ভবিষ্যতের একমাত্র পথ।