বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডের ৭ ঘণ্টা পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত ৯টার পর থেকে বিমান চলাচল ও বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে — এ আগুনের সূত্রপাত আসলে কীভাবে?
ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি কারণ। তবে বাতাসের তীব্রতা আগুন ছড়িয়ে পড়ায় বড় ভূমিকা রেখেছে, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মুহাম্মদ জাহেদ কামাল।

ফ্লাইট স্থগিত, যাত্রীদের দুর্ভোগ
আগুন লাগার পর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বহু ফ্লাইট বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে পড়েন শত শত যাত্রী, অনেকে অপেক্ষা করেন ঘণ্টার পর ঘণ্টা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশ্বস্ত করেছেন, আগুনে আমদানি কার্গো আক্রান্ত হলেও রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি
অর্থ মন্ত্রণালয় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে, ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকারও।

ধারাবাহিক আগুনে জনমনে উদ্বেগ
মাত্র কয়েক দিনের ব্যবধানে মিরপুর, চট্টগ্রাম ও এখন ঢাকা বিমানবন্দর— একের পর এক অগ্নিকাণ্ডে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক।
মিরপুরের পোশাক কারখানায় ১৬ জনের মৃত্যু, চট্টগ্রামের সিইপিজেডে ১৭ ঘণ্টার আগুন — আর এখন বিমানবন্দর!
সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এগুলো কি কাকতালীয় দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা?

সরকারের বার্তা: ‘যে কোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে’
শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়—
“দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
যদি নাশকতার প্রমাণ মেলে বা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়, তাহলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনা বিস্তারিত তদন্ত করার জন্য।
বিবৃতিতে আরও বলা হয়,
“কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত