অক্টোবরের ১৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৫৭ কোটি ডলার ছাড়াল

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৪ লাখ ডলার বৈদেশিক আয়। রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, চলতি মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছরের অক্টোবরের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছর ব্যবধানে প্রবাসী আয়ে ৫ কোটি ১০ লাখ ডলার প্রবৃদ্ধি দেখা গেছে।

আরিফ হোসেন খান জানান, গত ১৬ থেকে ১৮ অক্টোবর তিন দিনেই দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে (জুলাই) ১৮ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহের এই ধারা অব্যাহত রয়েছে, যা বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় স্বস্তি যোগাচ্ছে অর্থনীতিতে।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া ব্যাংকিং চ্যানেল ও ডিজিটাল লেনদেন ব্যবস্থার উন্নতির ফলে হুন্ডির পরিবর্তে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে, যা এই ইতিবাচক প্রবৃদ্ধির অন্যতম কারণ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত