বিশ্বের অসংখ্য জনপ্রিয় ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়েছে। একই সমস্যা দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন সাইটেও। মূলত ক্লাউডফ্লেয়ার ডাউনের কারণেই এই ব্যাপক বিভ্রাট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র রিভিউ সাইট লেটারবক্সডসহ হাজারো ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা পাচ্ছেন, যেখানে লেখা থাকে—ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।
এই বৈশ্বিক বিভ্রাট নিয়ে ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা ইতোমধ্যে সমস্যাটি শনাক্তের কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।
ইন্টারনেট অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা সেবা দিয়ে থাকে। ফলে তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।
বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় অচল হয়ে পড়েছিল। পরে সাইটটি পুনরায় চালু হলে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়েবসাইট ডাউন হওয়ার রিপোর্ট হুড়মুড় করে বাড়তে শুরু করেছে। প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখছেন, যেখানে উল্লেখ রয়েছে—ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে।