প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
পাকিস্তানের বিনোদন অঙ্গন থেকে এল এক হৃদয়বিদারক সংবাদ। করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলীর লাশ। মডেলিং ও অভিনয়ের জগতে পরিচিত মুখ ছিলেন হুমাইরা। একাকী জীবনযাপনকারী এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে নানা প্রশ্ন, শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনের ফ্ল্যাটে যায় স্থানীয় পুলিশ ও আদালত নিযুক্ত একজন বেলিফ। সূত্র মতে, বকেয়া ভাড়ার মামলায় আদালতের নির্দেশে ফ্ল্যাটটি উচ্ছেদের প্রস্তুতি চলছিল। কিন্তু ফ্ল্যাটের দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে পুলিশ দরজা ভেঙে প্রবেশ করে এবং সেখানেই মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় হুমাইরার নিথর দেহ।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিনেত্রী হুমাইরা গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার সঙ্গে আশেপাশের মানুষের যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। এমনকি প্রতিবেশীদের সাথেও তেমন মেলামেশা করতেন না। কোনো নিজস্ব গাড়িও ছিল না বলে জানান ভবনের নিরাপত্তাকর্মী এবং অন্যান্য বাসিন্দারা। এক প্রতিবেশীর ভাষায়, “তিনি খুব একটা কারও সঙ্গে কথা বলতেন না, অনেকটাই নিঃসঙ্গ জীবন যাপন করতেন।”
পুলিশ সূত্র জানিয়েছে, মৃতদেহটি ছিল পচনধর্মী অবস্থায়, যা দেখে ধারণা করা হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। করাচির পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশটির অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটি অনেকদিন আগের। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে।”
ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করেছে তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে কোনো ধরণের সহিংসতা বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
হুমাইরা আসগর আলী পাকিস্তানি শোবিজ জগতের পরিচিত একটি নাম। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশগ্রহণের পর তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়াও ‘জালাইবি’ নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও জায়গা করে নিয়েছিলেন তিনি। তার হঠাৎ ও রহস্যজনক মৃত্যুতে বিস্ময় ও শোক প্রকাশ করেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে তার মৃত্যু সংবাদ। সহকর্মীরা হুমাইরার ছবি শেয়ার করে জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান, কিন্তু ব্যক্তি জীবনে একাকীত্বই হয়তো তাকে ক্রমশ গুটিয়ে দিয়েছিল। অনেকে বলছেন, শোবিজ জগতে প্রতিনিয়ত চাপে থাকা একক নারীদের জন্য এই মৃত্যু একটি নিঃশব্দ বার্তা।
হুমাইরার মৃত্যুকে ঘিরে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। একদিকে ফ্ল্যাট মালিকের সঙ্গে তার আর্থিক বিরোধ, অন্যদিকে একাকী নিঃসঙ্গ জীবনযাপন, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে রহস্যময় পরিবেশ। তদন্ত চলছে, তবে যা স্পষ্ট—একজন সম্ভাবনাময় শিল্পীকে হারাল পাকিস্তানের বিনোদন জগত।
হুমাইরার এই করুণ পরিণতি অনেক প্রশ্ন তুলছে তার জীবনধারা, মানসিক অবস্থা এবং সামাজিক সহায়তার অভাব নিয়ে। তার মৃত্যু যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—আলো ঝলমলে পর্দার পেছনে থাকা বাস্তবতাটা কতটা নিঃসঙ্গ, কতটা কঠিন।