প্রকাশ: ০৯ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশের আলোচিত নাট্যধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর অন্যতম প্রাণবন্ত চরিত্র ‘ইভা’ হয়ে যিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন, তিনি পারসা ইভানা। নাটকে নাচের শিক্ষিকা ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ইভানা, বিশেষ করে কাবিলার সঙ্গে তার কেমিস্ট্রি আজও অনেকে মনে রেখেছেন। তবে নতুন সিজনে আর দেখা যাচ্ছে না তাকে। ইভানা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং সেখান থেকেই তার অনুপস্থিতি, ভবিষ্যতের পরিকল্পনা ও আবেগঘন কিছু মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থান প্রসঙ্গে তিনি জানান, মূলত মায়ের কাছে এসেছেন। তবে এই সফর শুধুই পারিবারিক নয়, বরং নিজের শিল্পীসত্ত্বা সমৃদ্ধ করার একটি সুযোগ হিসেবেও কাজে লাগাচ্ছেন। তিনি বর্তমানে একটি ৩ মাসের অভিনয় শেখার কোর্স করছেন, পাশাপাশি যুক্ত হয়েছেন ‘ড্যান্স সামার ইনটেনসিটি’ নামক একটি নাচ শেখার কর্মসূচিতে। তার ভাষায়, “আমি অভিনয় করতে চাই—ছোট পর্দা হোক বা বড় পর্দা—ভালো গল্পের, ভালো কাজ করতে চাই। জানি না কতটুকু সুযোগ পাব, কিন্তু বিশ্বাস করেন আমি অভিনয়টাই করতে চাই।”
ইভানার এমন উচ্ছ্বাসে স্পষ্ট, অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। বরং তিনি প্রস্তুত হচ্ছেন আরও বেশি পরিণত এবং দক্ষ হয়ে ফিরতে। তার পরিকল্পনা অনুযায়ী, চলতি আগস্ট মাসেই তিনি বাংলাদেশে ফিরছেন।
তবে ব্যাচেলর পয়েন্ট নিয়ে ইভানার আবেগ ছিল স্পষ্ট। নতুন সিজনে তার অনুপস্থিতি তাকে বেশ আঘাত দিয়েছে বলেই প্রকাশ পেল তার কথায়। “ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের ব্যাচেলর পয়েন্টে আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে। আমার মনে আছে যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল, শুধু আমি ছিলাম না।”
তবে সেই দুঃখের মাঝেও পারসা ইভানা অন্যদের সাফল্য দেখে গর্বিত হতে পারেন। তার মতে, “কোনোকিছুই কারো জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কি না জানি না, আমার ভালো লাগে।”
অভিনয়ের প্রতি তার দৃঢ় আকর্ষণ, আত্মবিশ্বাস এবং একান্ত আবেগ দর্শকদের মুগ্ধ করে চলেছে। তার এমন খোলামেলা সাক্ষাৎকারে বোঝা যায়, তিনি শূন্যতা অনুভব করলেও হতাশ নন—বরং প্রস্তুতি নিচ্ছেন আরও বড় পরিসরে ফিরে আসার জন্য।
ভক্তদের অপেক্ষা এবার এটাই—পারসা ইভানা কবে ফিরবেন, আবার কবে তিনি তার পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তুলবেন। তাকে বড় পর্দায় দেখার আকাঙ্ক্ষাও যে বাড়ছে, তা বলাই বাহুল্য। নতুন কিছু, নতুন চরিত্র, আর নতুন ইভানা—এই অপেক্ষায় এখন ভক্তসমাজ।