প্রকাশ: ০৯ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার বহুল প্রতীক্ষিত ফলাফল প্রকাশিত হচ্ছে আগামীকাল, বৃহস্পতিবার ১০ জুলাই। দুপুরের পর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। এরপরই দেশের শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফলাফল প্রকাশের দিন দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
ফলাফল জানার পদ্ধতিও আগের মতোই রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার বছর ও বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকছে। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের সাল,
এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ, SSC Dha 123456 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ড কোড ‘Mad’ এবং কারিগরি বোর্ডের জন্য ‘Tec’ ব্যবহার করতে হবে।
যেসব শিক্ষার্থী তাদের ফলাফলে সন্তুষ্ট নন বা ভুল মনে করছেন, তাদের জন্য রয়েছে ফল পুনঃনিরীক্ষণের সুযোগ। এবারও খাতা চ্যালেঞ্জ বা রিভিউ আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে। আবেদন করতে হবে ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে।
আবেদনের নিয়মও আগের মতোই: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
RSC <স্পেস> বোর্ড কোড <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড,
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয় কোড লিখতে হলে কমা ব্যবহার করতে হবে, যেমন—১০১,১০২,১০৩। প্রতি পত্রের জন্য ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, যা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে’র মধ্যে। এ বছর দেশজুড়ে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেয় এই পাবলিক পরীক্ষায়।
ফলাফল প্রকাশের দিন যেমন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার সূচনা, তেমনি উদ্বেগেরও। তাই ফল যাই হোক না কেন, এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শিক্ষার্থীদের গ্রহণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। কারণ একটি পরীক্ষার ফল কোনোভাবেই নির্ধারণ করে না কারও ভবিষ্যৎ—বরং তা হতে পারে আরও বড় স্বপ্ন দেখার প্রেরণা।