গুম ও জুলাই হত্যাকাণ্ডের মামলায় ১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার

পতিত আওয়ামী সরকারের সময় সংঘটিত গুমের দুটি ঘটনা এবং জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর রামপুরায় হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এই তিন মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে রয়েছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান। আজ আসামিপক্ষের বক্তব্য শোনার দিন ধার্য ছিল। এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন এবং ১০ জন গ্রেপ্তার আছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কেএম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান; লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং মো. সারওয়ার বিন কাশেম।

এছাড়া জেআইসি সেল বা ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত স্থানে গুমের ঘটনায় শেখ হাসিনা ও ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। গত ৭ ডিসেম্বর এ মামলায় পাঁচটি অভিযোগে বিচার শুরুর আবেদন করা হয়। আসামিপক্ষের খালাস আবেদন শোনার পর আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এ মামলায় ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক গ্রেপ্তার থাকলেও বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এখনো পলাতক।

অন্যদিকে জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো. রাফাত বিন আলম। ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এখনো পলাতক।

একাধিক মামলায় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ ওঠায় ট্রাইব্যুনালের এই কার্যক্রম দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত