যুক্তরাজ্যে গ্রেফতার রাশিয়ার সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে দেশটির ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণ ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতিপূর্বে ওএসডি ও স্ট্যান্ড রিলিজ হওয়া এই সাবেক কূটনীতিকের বিরুদ্ধে এবার গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্মিংহামের সলিহুল এলাকা থেকে ফয়সাল আহমেদকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে শারীরিক হামলা এবং ধর্ষণের হুমকির মতো অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফয়সাল আহমেদের কূটনৈতিক ক্যারিয়ারে বিতর্ক দীর্ঘদিনের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে থাকাকালীন অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং নারী সহকর্মীদের সঙ্গে অসংযত ও অপেশাদার আচরণের দায়ে তাঁকে তাৎক্ষণিকভাবে ‘স্ট্যান্ড রিলিজ’ বা প্রত্যাহার করা হয়। সে সময় তাঁকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের সেই আদেশ অমান্য করে তিনি দেশে না ফিরে পালিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান।

ঢাকায় না ফিরে বিদেশের মাটিতে গ্রেফতার হওয়ার এই ঘটনা বাংলাদেশের কূটনৈতিক মহলে ব্যাপক অস্বস্তির সৃষ্টি করেছে। স্ট্যান্ড রিলিজ হওয়ার পরও কীভাবে তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে অবস্থান করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান ছিল এবং সরকারি নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশের মাটিতে সাবেক একজন শীর্ষ কূটনীতিকের এমন অপরাধে জড়িয়ে পড়া দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত