প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার ঠিক চার দিন আগে তাঁর নিজ নির্বাচনী এলাকা থেকে এই মনোনয়ন ফরম উত্তোলনের ঘটনা দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় বগুড়া জেলা বিএনপির একঝাঁক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহাবুবুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা ভিপি সাইফুল ইসলাম। দলীয় প্রধানের পক্ষে ফরম উত্তোলনের পর তাঁরা রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও আনন্দ মিছিল করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ গণমাধ্যমকর্মীদের বলেন, “তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা। আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে স্বদেশে ফেরার পর যেকোনো সময় তাঁর নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় পদার্পণ করবেন। তাঁর সরাসরি নির্দেশেই আজ এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। বগুড়ার মানুষ অধীর আগ্রহে তাঁদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন।” তিনি আরও বলেন, এই আসনটি বরাবরের মতোই বিএনপির দুর্গ এবং এবারও তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবেন।
উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর বগুড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দীর্ঘ সময় পর তারেক রহমান সশরীরে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ায় জেলা জুড়ে রাজনৈতিক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।