প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপি কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রাজনীতিতে যায়নি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রকে বিনষ্ট করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন দেশ ও স্বজনদের থেকে দূরে থাকতে বাধ্য হলেও তিনি দূর থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতাকর্মী ও স্বজনহারা মানুষদের পাশে থাকার চেষ্টা করেছেন। সীমাবদ্ধতা সত্ত্বেও বিএনপি প্রতিটি নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার নেতাকর্মী গুম, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলার বোঝা প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে।
তিনি বলেন, সেই ভয়াবহ সময়ের অবসান ঘটেছে এবং দেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। এখনও বহু পরিবার প্রিয়জনের ফেরার আশায় দিন গুনছে।
তারেক রহমান আরও বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনো তীব্র হয়েছে আবার কখনো শ্লথ হয়েছে। তবে বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে।
তিনি জানান, এসব শহীদদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণের পরিকল্পনা রয়েছে বিএনপির, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগ মনে রাখতে পারে।
শেষে তিনি বলেন, কিছু মহল নানা বক্তব্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা সফল হবে না।