প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো ফলাফলে রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারপর্ব শেষে ঘোষিত ফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি এককভাবে অর্জন করেছে ২১৩টি আসন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা পেয়েছে ৬৮টি আসন। জাতীয় সংসদে তাদের শক্তিশালী উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি পেয়েছে ৫টি আসন। ছোট দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণসংহতি আন্দোলন প্রত্যেকে একটি করে আসনে জয় পেয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ৭ জন।
ফল ঘোষণার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। কোথাও মিছিল কোথাও আনন্দ সমাবেশ। আবার পরাজিত প্রার্থীদের পক্ষ থেকে কিছু কেন্দ্রে পুনর্গণনার দাবি তোলা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে আইনানুগ প্রক্রিয়ায় আবেদন পেলে তা বিবেচনা করা হবে।
তবে তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসনগুলো হলো শেরপুর-২ চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী আপিল বিভাগের বিচারাধীন মামলা এবং আইনি বাধ্যবাধকতার কারণে এসব আসনের ফল চূড়ান্ত করা হয়নি। আদালতের চূড়ান্ত আদেশের ওপর নির্ভর করবে সংশ্লিষ্ট প্রার্থীদের ফলাফল।
চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী ছিলেন মোহাম্মদ আসলাম চৌধুরী। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ সংক্রান্ত আদেশের আলোকে তিনি নির্বাচনে অংশ নেন। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশে আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে কমিশন জানিয়েছে। একই ধরনের পরিস্থিতি চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এর ক্ষেত্রেও প্রযোজ্য। সিপিএলএ নং ৪৪০/২০২৬ এর আদেশ অনুসারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ফল আপাতত স্থগিত। শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বহাল রয়েছে। সংশ্লিষ্ট সিপিএলএ নং ৪৪২/২০২৬ মামলার চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা হবে না।
নির্বাচন কমিশন বলেছে সাংবিধানিক ও আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত। আদালতের নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। ফলে সংশ্লিষ্ট তিন আসনের ভোটারদের প্রতিনিধিত্ব প্রশ্নে সাময়িক অনিশ্চয়তা থাকলেও আইনি প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি স্পষ্ট হবে।
এই নির্বাচনে মোট ভোটার ছিল প্রায় ১২ কোটির বেশি। ভোটগ্রহণ হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। কমিশনের তথ্য অনুযায়ী ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আগের নির্বাচনের তুলনায় অংশগ্রহণ বেড়েছে বলে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতার তথ্য মেলেনি।
বিশ্লেষকদের মতে ফলাফল ইঙ্গিত দিচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের সম্ভাবনার দিকে। ২১৩ আসন নিয়ে বিএনপি সংসদে নিরঙ্কুশ অবস্থান তৈরি করেছে। তবে বিরোধী শিবিরে শক্তিশালী উপস্থিতি নিয়ে জামায়াতের ৬৮ আসনও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাবে। ছোট দল ও স্বতন্ত্র সদস্যরা সংসদীয় বিতর্কে নির্দিষ্ট ইস্যুতে প্রভাব ফেলতে পারেন।
নতুন সংসদ গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। গেজেট প্রকাশের পরই সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। ভোটারদের রায় স্পষ্ট। এখন নজর থাকবে নির্বাচিত প্রতিনিধিদের ওপর। তারা কত দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রসর হন এবং সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটিই দেখার বিষয়।