গোপালগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, উত্তপ্ত পরিস্থিতি

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৮ বার

প্রকাশ: ১৬ জুলাই ‘ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা।একটি বাংলাদেশ অনলাইন

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় বুধবার সকাল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলটির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা অনুযায়ী, চলতি জুলাই মাসের শুরু থেকে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে বড় পরিসরে পদযাত্রা আয়োজনের ঘোষণা আসে।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দিয়ে সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, “বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।”

তিনি আরও এক পোস্টে উল্লেখ করেন, গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জেলার নাম ব্যবহার করে কোনো বৈষম্য না করার জন্যই এই পদযাত্রা। তার ভাষায়, “গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ একাধিক নেতা সামাজিক মাধ্যমে এই কর্মসূচি নিয়ে পোস্ট করে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে থাকেন।

সকালে পদযাত্রা শুরুর আগে উলপুর এলাকায় সমর্থকরা জড়ো হতে থাকলে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নেয়। গোপালগঞ্জ সদর থানা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে ওসি জানিয়েছেন।

মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এই কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে স্থানীয় মহলে চলছে আলোচনা। তবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত