প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ঈদকে সামনে রেখে দেশের রেল ও পাবলিক পরিবহন ব্যবস্থায় তেলের কোনো সমস্যা হবে না এবং এর ফলে যাত্রীদের জন্য ভাড়া বাড়ানো হবে না, এমন ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের পাবলিক পরিবহন ব্যবস্থাকে পর্যাপ্ত তেল সরবরাহের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, ১৫ মার্চ থেকে প্রয়োজন অনুযায়ী পাবলিক পরিবহন যেগুলো আছে, তারা যথেষ্ট তেল পাবেন। তিনি আরও বলেন, “জ্বালানি মন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন যে, তেলের দাম বাড়ানো হবে না। ফলে গাড়ি ভাড়া বাড়ানোর কোনো প্রয়োজন নেই এবং তেল সংক্রান্ত কোনো দুর্ভোগের সম্ভাবনা নেই।”
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ঈদ যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করার জন্য রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করে জনবান্ধব এবং মনোরম পরিবেশে যাত্রী পরিবহণ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেল পরিষেবাকে জনপ্রিয় করতে নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী কার্যক্রম চলছে। তিনি আশা প্রকাশ করেন, যাত্রীরা শিগগিরই রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষ্য করবেন।
ঈদ প্রস্তুতির পাশাপাশি রেলমন্ত্রী দেশের সামগ্রিক পরিস্থিতিতেও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার এক মাসের মধ্যে জনগণের মধ্যে আশা সঞ্চয় করেছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
এসময় রেলমন্ত্রী বিরোধী দলের প্রতি ধৈর্য্য ধরার আহ্বানও জানান। তিনি বলেন, “১৭ বছরে দেশ যে ধংসযজ্ঞের মধ্যে পড়ে গিয়েছিল, সেখান থেকে আবার স্থিতিশীলতা ফিরিয়ে আনা সময়সাপেক্ষ। মাত্র সরকার এসেছে, তাই কিছুটা সময় দিন। এরপরও যদি বিএনপি কাজ করতে ব্যর্থ হয়, তখনই সমালোচনা করুন।”
তিনি আরও বলেন, রেল যোগাযোগের ক্ষেত্রে আধুনিকায়ন ও পরিষেবা উন্নয়নের জন্য ইতিমধ্যেই কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রীদের জন্য নিরাপদ ও দ্রুত যাত্রার ব্যবস্থা, স্টেশনগুলোতে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং রেলযানগুলোর সময়মতো চলাচল। ঈদ যাত্রার সময় যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত কর্মী ও রেলযান প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রী আশ্বস্ত করেন, যাত্রীদের জন্য যথাযথ তেল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা ব্যবস্থা নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, “রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত যাত্রা নিশ্চিত করতে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে।”
এছাড়া তিনি জানান, ১৫ মার্চের পর দেশের রেশনিক ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে, যাতে যাত্রী ও সাধারণ মানুষ তেলের সমস্যায় না পড়েন। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রেল ও পাবলিক পরিবহন ব্যবস্থাকে আরও জনপ্রিয়, জনবান্ধব ও কার্যকর করে তোলা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার তেলের মূল্য বৃদ্ধি না করে যাত্রী সুবিধা নিশ্চিত করতে সকল স্তরে তৎপর রয়েছে। রেল ও পরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপের মাধ্যমে ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং আর্থিকভাবে যাত্রীদের জন্য সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, জনগণ সরকার প্রদত্ত এই সুবিধা এবং পরিকল্পনার প্রভাব শীঘ্রই অনুভব করবেন।