প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ঢাকার অভিনেতা আরিফিন শুভ নতুন করে আলোচনায় এসেছে বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র মাধ্যমে। সিরিজটির প্রথম পর্ব প্রচারের পরই দর্শক প্রশংসায় ভাসছেন এই নায়ক। সম্প্রতি নিজের ফেসবুক পেজে আরিফিন শুভ সিরিজটি নিয়ে ভক্তদের উদ্দেশ্য করে একটি প্রশ্ন ছুঁড়েছেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শুভ তার স্ট্যাটাসে লিখেছেন, “জেমস বন্ডকে কে চায় যখন আমাদের নিজেদেরই জিমি রয় আছে?” সঙ্গে তিনি সিরিজটির চারটি ছবি শেয়ার করেছেন। এই পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তরা একাধিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। একজন লিখেছেন, “লুকিং হ্যান্ডসাম,” আরেকজন লিখেছেন, “তুমিই আমাদের জেমস বন্ড, ভালোবাসি তোমাকে।” কেউ মন্তব্য করেছেন, “ওল্ড স্টাইল ভাইব, জিমি রয় জাস্ট রক।”
‘জ্যাজ সিটি’-র প্রথম পর্ব ১৯ মার্চ সনি লিভ প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। আরিফিন শুভ এখানে কেন্দ্রীয় চরিত্র জিমি রয়-এর ভূমিকায় অভিনয় করেছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিরিজটি সনি লিভের ট্রেডিংয়ে শীর্ষ তালিকায় অবস্থান করে। ওয়েব সিরিজটি হিন্দি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে, যা প্রথমবারের মতো সনি লিভে বাংলা ভাষার সিরিজ হিসেবে দর্শকদের সামনে এসেছে। সিরিজটির মোট পর্ব সংখ্যা ১০ এবং এটি প্রায় ১১ ঘণ্টার, গল্পের মূল ফোকাস জিমি রয়কে কেন্দ্র করে।
সিরিজের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের সংগ্রাম ও পরিবর্তনের ওপর ভিত্তি করে তৈরি। নির্মাতা ও চিত্রনাট্যকার সৌমিক সেনের পরিচালনায় এই ওয়েব সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহার।
দর্শকরা প্রশংসা করছেন শুভর অভিনয় দক্ষতা ও চরিত্রের গভীরতা। জিমি রয়-এর চরিত্রটি শুধু অ্যাকশন আর থ্রিল দিয়ে নয়, বরং আবেগ, মানবিক দিক এবং সময়ের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্যও প্রশংসিত হচ্ছে। বিশেষ করে এই সিরিজে বাংলাদেশের ইতিহাস ও সমাজের বাস্তবতা তুলে ধরায় ভারতীয় দর্শকও সমানভাবে আকৃষ্ট হচ্ছেন।
বলিউডে ঢাকার এই অভিনেতার এ ধরনের অভিষেক শুধুই নায়ক হিসেবে নয়, বরং বাংলাদেশের প্রতিভা আন্তর্জাতিক মানের বিনোদন জগতে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক মাধ্যমে সিরিজের মুক্তির পর ভক্তরা শুভকে “নিজেদের জেমস বন্ড” হিসেবে অভিহিত করছেন, যা এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে।
আরিফিন শুভর পোস্ট এবং ভক্তদের উচ্ছ্বাস এ বিষয়টি প্রমাণ করছে যে, বলিউড এবং বাংলাদেশি দর্শক উভয়ের মনেও তিনি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। ওয়েব সিরিজের মাধ্যমে শুভ শুধু অভিনয় দক্ষতা নয়, চরিত্রের প্রতি নিবেদন এবং গল্পের সঙ্গে মানিয়ে চলার সক্ষমতাও প্রমাণ করেছেন।