প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
চীনের রাজধানী বেইজিংয়ে গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। শুধু গতকাল সোমবারে বেইজিংয়ের উত্তরাঞ্চলে একদিনে ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা প্রায় এক বছরের গড় বৃষ্টিপাতের প্রায় দেড়গুণ। বৃষ্টির কারণে মিয়ুন ও ইয়ানকিং এলাকায় উল্লেখযোগ্য মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও নিহতদের মৃত্যুর সঠিক কারণ বিস্তারিত জানানো হয়নি।
প্রবল বৃষ্টির প্রভাবে বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং সড়ক-যোগাযোগসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চীনের রাষ্ট্রপতি সরাসরি নজর দিয়েছেন এবং দুর্গত এলাকায় সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেইজিংয়ের মিয়ুন এলাকায় উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা স্বীকার করেছেন।
বেইজিংয়ে সর্বোচ্চ পর্যায়ের বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নদীগুলোর পানি বিপৎসীমার উপরে থাকতে পারে, তাই লোকজনকে নদীর থেকে দূরে থাকতে বলা হয়েছে।
বন্যা মোকাবিলার জন্য বেইজিংয়ে জরুরি ভিত্তিতে ২০ কোটি ইউয়ান বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য প্রদেশে দুর্যোগ মোকাবিলায় আরও ৩৫ কোটি ইউয়ান বরাদ্দ দেয়া হয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।