প্রকাশ: ১৬ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বীরভূমে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় শ্যুটিং চলাকালে তার দেহরক্ষীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অভিযোগকারী কমলাকান্ত লাহা সুভাষপল্লীর বাসিন্দা এবং পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা। তিনি জানান, সেদিন তিনি বাইকে কাজে যাচ্ছিলেন। তখন অরিজিতের শ্যুটিং চলছিল বলে তার পথ আটকে দেন গায়কের দেহরক্ষীরা। প্রথমে তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হলেও পরে সেই সময়সীমা বাড়িয়ে আধা ঘণ্টা করা হয়। পথ ছাড়ার অনুরোধ করলে তাকে জোর করে সরানোর চেষ্টা হয়, এমনকি পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি। ধস্তাধস্তির মধ্যে তার হাতের সোনার আংটি খোয়া যায় বলেও অভিযোগ তুলেছেন কমলাকান্ত।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি একজন শিল্পী। অথচ আরেকজন শিল্পীর পক্ষ থেকে আমার সঙ্গে এমন ব্যবহার—এটা মেনে নেওয়া যায় না।”
বীরভূমের পুলিশ সুপার আমনদীপ ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তবে অরিজিৎ সিং বা তার দলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ঘটনা প্রকাশ্যে আসতেই শান্তিনিকেতন ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক শিল্পীর টিম যদি সাধারণ মানুষকে এভাবে হয়রানি করে, তবে তা শিল্প ও শিল্পীর মর্যাদাকে কোথায় নিয়ে দাঁড় করায়? অনেকে মনে করছেন, অরিজিৎ যদি এ বিষয়ে নীরব থাকেন, তবে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে ভক্ত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ অভিযোগকারীর পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ পুরো ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলছেন, বিষয়টি অতিরঞ্জিত হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট—এখন সকলের চোখ অরিজিৎ সিং ও তার টিমের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।