২০ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশ বার কাউন্সিল সম্প্রতি তার পরীক্ষার সূচি ও ফরম পূরণের বিস্তারিত ঘোষণা করেছে। অনুযায়ী, পরবর্তী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। এই পরীক্ষার জন্য প্রার্থীরা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের নির্ধারিত লিঙ্কে (http://bar.teletalk.com.bd) ফরম পূরণ ও ফি প্রদান করতে পারবেন। বার কাউন্সিলের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া, একই বিজ্ঞপ্তিতে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা এবং পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা অনলাইনে যথাযথভাবে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার ফরম পূরণ ও ফি প্রদান করেছেন, তাঁদের লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত সব তথ্য, যেমন প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষাকেন্দ্রের তালিকা এবং অন্যান্য নির্দেশনা, যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য, নতুন প্রার্থীদের পিউপিলেজ সময়সীমা আগামী ৩১ অক্টোবর বা এর পূর্বে ছয় মাস পূর্ণ হতে হবে। এছাড়া, যেসব প্রার্থীর রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ বর্তমানে বহাল রয়েছে, তাঁরাও নির্ধারিত নিয়ম অনুসারে অনলাইনে ফরম পূরণ ও ফি প্রদান করতে পারবেন। পাঁচ বছর মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনধারীদের জন্য বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে নিজ রেজিস্ট্রেশন হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা ২৮ জুন ২০২৫ অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় দ্বিতীয়বারের মতো অনুত্তীর্ণ হয়েছেন অথবা আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় তৃতীয়বারের মতো অনুত্তীর্ণ হবেন, তাদের জন্য পরবর্তী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের ব্যবস্থা রাখা হবে। সব পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নির্দেশনা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট (www.barcouncil.gov.bd) থেকে প্রাপ্ত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যেকোনো অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন ও তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
এই তফসিলের মাধ্যমে বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে এবং সকল প্রার্থীর জন্য তথ্য সহজলভ্য করে প্রদানের চেষ্টা করছে।