মাধবপুরে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এস.এম. ফয়সল শিক্ষা বৃত্তি বিতরণ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার
মাধবপুরে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এস.এম. ফয়সল শিক্ষা বৃত্তি বিতরণ

২০ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২ আগস্ট ২০২৫ তারিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১,৬০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৩২ লাখ টাকার এস.এম. ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা হচ্ছে উন্নয়নের মূল ভিত্তি। এই শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি অনুপ্রেরণা। আমরা চাই, প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন বাধাবিহীনভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরুপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. শাহজাহান, মনতলা শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, শাহজালাল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ মো. আসাদুজ্জান, অ্যাড. নিজাম খাঁন, অ্যাড. আনিসুল আবদল শাহ লিটন, শিক্ষক আবিদুর রহমান, অভিভাবক ফরিদুর রহমান, ফরিদ মেম্বার ও ছায়েদ মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের ঊর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক অব. ক্যা. লিয়াকত হোসেন। তিনি বলেন, “এস.এম. ফয়সল শিক্ষা বৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন পূরণের একটি সোপান। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, এই বৃত্তি প্রদান কার্যক্রমের মাধ্যমে মাধবপুর উপজেলার ৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১,৬০০ শিক্ষার্থী উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এই উদ্যোগের মাধ্যমে আরও শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই মহতী উদ্যোগটি মাধবপুর উপজেলার শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উৎসাহ জোগাবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত