’ইউসুফের কেস রি–ওপেন করতে আসছেন জাহান খান!’

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার
’ইউসুফের কেস রি–ওপেন করতে আসছেন জাহান খান!’

প্রকাশ: ২৯ আগস্ট ‘ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশি সিনেমার দর্শকরা আবারও ফিরছেন বহুল আলোচিত চরিত্র ইউসুফের কাছে। এক সময়ের ত্রাস, অপরাধ জগতের ডন ইউসুফ, যাকে ঘিরে ছিল আতঙ্ক আর রহস্য—তিনি এবার ফিরে আসছেন, তবে বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ইনসাফ এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।

প্রেক্ষাগৃহে গত কোরবানির ঈদে মুক্তির পর থেকেই ইনসাফ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে শরিফুল রাজের অভিনীত ইউসুফ চরিত্রটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অপরাধ জগতের এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী আবর্তিত হয়। এই ভয়ঙ্কর অপরাধীর মুখোমুখি হন আইনশৃঙ্খলা বাহিনীর এক চৌকস অফিসার জাহান খান, যার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এই দুই চরিত্রের দ্বন্দ্বই সিনেমার গল্পকে এগিয়ে নিয়ে গেছে।

সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার একাধিক চমক রেখেছেন ইনসাফ-এ। এর মধ্যে অন্যতম ছিল মোশাররফ করিমের সম্পূর্ণ ভিন্নধর্মী উপস্থিতি। তিনি সিনেমায় অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে, যার মাধ্যমে চিকিৎসা খাতে সিন্ডিকেশন বা অনিয়মকে পর্দায় তুলে ধরা হয়েছে। পরিচালক দাবি করেছেন, মেডিকেল সিন্ডিকেশনের মতো সংবেদনশীল ইস্যুটি সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হবে।

অতিথি চরিত্রেও সিনেমাটি দর্শকদের অবাক করেছে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর হঠাৎ উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছে। একইসাথে ব্যবহৃত হয়েছে কালজয়ী গান আকাশেতে লক্ষ তারা, যা নতুনভাবে উপস্থাপন করে সিনেমাটিতে ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফাও অংশ নিয়েছেন সিনেমাটিতে, যিনি সংগীতশিল্পীর ভূমিকায় নিজেকেই ফুটিয়ে তুলেছেন।

ওটিটিতে মুক্তি পাওয়া নিয়ে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, “চরকিতে ইনসাফ আসার কারণে দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন, এটা আমার কাছে সত্যিই আনন্দের। অনেকেই বিদেশ থেকে দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন। তারা এবার দেখতে পারবেন, আবার যারা হলে দেখেছেন তারাও চাইলে পুনরায় উপভোগ করতে পারবেন।”

শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শরিফুল রাজ বলেন, “আমরা অসাধারণ একটি ইউনিট নিয়ে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি শুধু ভালো নির্মাতাই নন, অসাধারণ একজন মানুষও। আর ফারিণের কাজ নিয়ে কিছু বলার নেই। সিনেমাটিতে তার অভিনয় দর্শকের মতো আমাকেও মুগ্ধ করেছে। প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন, আশা করছি ওটিটির দর্শকরাও একইভাবে ভালোবাসবেন।”

দেশীয় চলচ্চিত্রে যেখানে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব দিন দিন বাড়ছে, সেখানে ইনসাফ-এর এই মুক্তি নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন সমালোচকরা। অনেকের মতে, সামাজিক প্রেক্ষাপটে বাস্তবমুখী ইস্যুগুলোকে সাহসিকতার সঙ্গে সিনেমায় উপস্থাপন করাই সঞ্জয় সমাদ্দারের কাজকে অনন্য করেছে। দর্শক এখন অপেক্ষায় আছেন, ইউসুফের কেস রি–ওপেন করে জাহান খান কীভাবে আবারো চ্যালেঞ্জ মোকাবিলা করেন, সেটি দেখার জন্য।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত