রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট -৫৭০ স্যাম্পল সংগ্রহ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার
রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট -৫৭০ স্যাম্পল সংগ্রহ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম শেষ হয়েছে। শেষ দিনে প্রার্থীদের মধ্যে ১০০ জনের স্যাম্পল সংগ্রহ হওয়ায় মোট স্যাম্পল সংখ্যা পৌঁছেছে ৫৭০ জনে। পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল ২৮ আগস্ট থেকে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এর টেকনোলজিস্ট আবু সাদাত মাহমুদ সায়েম রাজু সোমবার সকাল ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন হলের প্রার্থীরা সেখানে উপস্থিত হয়ে ডোপ টেস্টের জন্য ইউরিন স্যাম্পল দিয়েছেন।

রাজু জানান, “গতকাল পর্যন্ত আমরা ৪৭০ জনের স্যাম্পল সংগ্রহ করেছি। আজ শেষ দিনে ১০০ জন স্যাম্পল দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত ৫৭০ জনের স্যাম্পল পাওয়া গেছে। আমাদের মেডিকেল টিম এই স্যাম্পলগুলো পরীক্ষা করছে।” প্রার্থীদের পরীক্ষা রিপোর্ট নির্বাচনী কমিশনের অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

প্রার্থীরা জানান, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও স্বাস্থ্যবান প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিজয়-২৪ হলের এজিএস পদপ্রার্থী আব্দুর রহিম বলেন, “আজ আমাদের হলের প্রার্থীদের ডপ টেস্টের সময় নির্ধারণ করা হয়েছিল। ভিড় এড়াতে সকাল সকাল এসেছি। নির্বাচন কমিশন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবে না।”

ডোপ টেস্টের সমস্ত খরচ বহন করছে রাকসু নির্বাচন কমিশন। এর আগে, ২৭ আগস্ট বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়ে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনের প্রার্থীরা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্যাম্পল দিতে পারবেন। প্রতিটি প্রার্থীকে টাকা জমার ব্যাংক স্লিপ প্রদর্শন করতে হবে এবং স্লিপের পেছনে তার নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

প্রতিটি স্যাম্পল রাবি মেডিকেল থেকে সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে। মেডিকেল টিম সেগুলো পরীক্ষা সম্পন্ন করবে এবং রিপোর্ট প্রার্থীদের জন্য সরবরাহ করা হবে। রাকসু নির্বাচন কমিশনের এই উদ্যোগ শিক্ষার্থী নেতৃত্বের স্বচ্ছতা ও প্রার্থীদের স্বাস্থ্যকর অবস্থানের নিশ্চয়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত