২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আপিল বিভাগ

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আপিল বিভাগ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনাকে কেন্দ্র করে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা করবে।

গত ২১ আগস্ট মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এ ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে এ রায়কে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

বিএনপির আইন সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, তারা এ মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করেন। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের কারণে ২১ আগস্টের মামলা সঠিক পথে পরিচালিত হয়নি এবং ভিন্ন খাতে চলে গেছে।

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট মামলার আসামিদের খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করেন। এর ফলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পান। তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিল বিভাগ তাদের আপিলের অনুমতি দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো এই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী, যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। এ হামলার মধ্য দিয়ে সেদিন দেশের রাজনৈতিক ইতিহাসে রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়।

নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ এবং জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীনসহ আরও অনেকে। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ জনের তালিকায় রয়েছেন তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদ এবং আরও কয়েকজন পলাতক আসামি।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২১ আগস্টের গ্রেনেড হামলা শুধু একটি ভয়াবহ হত্যাযজ্ঞ নয়, বরং গণতন্ত্র ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে চিহ্নিত। তাই আসন্ন রায়কে ঘিরে সাধারণ মানুষ, রাজনীতি সংশ্লিষ্ট মহল ও আইনের শাসন নিয়ে উদ্বিগ্ন নাগরিক সমাজের দৃষ্টি এখন আপিল বিভাগের দিকে। এ রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত