জাকসু নির্বাচনে ১৫ নম্বর কেন্দ্রে বিশৃঙ্খলা, সাংবাদিককে গলাধাক্কা

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার
জাকসু নির্বাচনে ১৫ নম্বর কেন্দ্রে বিশৃঙ্খলা, সাংবাদিককে গলাধাক্কা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর  ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫ নম্বর হলে (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) ভোট গ্রহণের সময় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীসহ তার অনুসারীরা দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ভোট কারচুপির মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও হলের রিটার্নিং অফিসারের বরাত দিয়ে জানা গেছে, ভোট গ্রহণ চলাকালীন সময় আঙুলে ব্যবহার করা কালি মুছে যাচ্ছিল। এই বিষয়টি নিয়ে ছাত্রীরা অভিযোগ জানালে তাদেরকে কেন্দ্রস্থলে জড়ো করা হয়। ঠিক তখনই বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের ভিপি প্রার্থীসহ কয়েকজন কেন্দ্র প্রবেশ করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় কেন্দ্রের ভিডিওধারণের চেষ্টা করলে ছাত্রদল কর্মী জিসান এক সাংবাদিককে ঘাড় ধাক্কা দেন, যা উত্তেজনা আরও বৃদ্ধি করে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ও প্রক্টর তৎপরভাবে কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা এই ঘটনাকে কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন এবং ভোট পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত