অসুস্থ ফারুকীর জন্য চিকিৎসকদের বোর্ড মিটিং আজ বিকালে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১০ বার
অসুস্থ ফারুকীর জন্য চিকিৎসকদের বোর্ড মিটিং আজ বিকালে

প্রকাশ: ১৭ অগাস্ট ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে ঘিরে দুশ্চিন্তা কাটেনি। চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আজ রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় হাসপাতালে বসছে বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড মিটিং। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিশা লিখেছেন, “আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই মিটিংয়ের পর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।”

এর আগে শনিবার রাতে দেওয়া আরেক পোস্টে তিশা জানান, তার স্বামী ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত। তিনি লিখেছিলেন, কক্সবাজারে একটি মন্ত্রণালয় আয়োজিত ওয়ার্কশপ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। দ্রুত তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও আপাতত তিনি বিপদমুক্ত, তবুও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কক্সবাজার সফরের সময় ফারুকীর অসুস্থ হয়ে পড়া নিয়ে বিস্তারিত তথ্যও উঠে এসেছে। শনিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি পাঁচ তারকা হোটেল থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, ফুড পয়জনিংয়ের কারণে ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার পরপরই জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় আনা হয়।

প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুধু চলচ্চিত্র জগতেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ নাম। তার হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেশের সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য দোয়া করছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।

চিকিৎসকদের বোর্ড মিটিং শেষে ফারুকীর চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে, তা জানা যাবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে। আপাতত সবাই অপেক্ষায় আছেন প্রিয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত