আজ জিতবে কে—শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি বৃষ্টি?

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৩ বার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫

কলম্বো থেকে বাংলাদেশ দল এখন ক্যান্ডিতে। আজ দুপুর ৩টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচই হয়ে দাঁড়িয়েছে আসল ফাইনাল। শেষ ম্যাচ জিতলেই ট্রফি যাবে হাতে।

দীর্ঘ সাত ম্যাচ পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়ে নতুন করে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা ধরে রেখে সিরিজ নিজেদের করে নিতে চায় লাল-সবুজের দল। তবে পথে বড় বাধা হতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠের লড়াই জিতবে শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি ম্যাচের ভাগ্য গড়ে দেবে আবহাওয়া—তা জানার জন্যই এখন অপেক্ষা।

দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ, তবে আজও একাদশে আসতে পারে পরিবর্তন। পেসার হাসান মাহমুদের বদলে দলে ফিরছেন তাসকিন আহমেদ। ব্যাটিং সহায়ক উইকেটে লোয়ার অর্ডারে তাসকিনের উপস্থিতি হতে পারে গুরুত্বপূর্ণ। টপ অর্ডার ব্যাটারদেরও রাখতে হবে বড় দায়িত্ব।

শ্রীলঙ্কাও একাদশে পরিবর্তন আনতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি দলটি। তাই মিলান রত্নানায়েকেকে ফিরিয়ে আনার সম্ভাবনা আছে। ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস, যা স্বাগতিকদের আত্মবিশ্বাস দিচ্ছে।

ক্রিকইনফো জানিয়েছে, আজকের ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে, ফলে ম্যাচ নেমে যেতে পারে কার্টেল ওভারে। সে কারণে টস হবে খুবই গুরুত্বপূর্ণ।

যদি সব প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ জয় পায়, তা হবে বড় সাফল্য। কারণ, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে গিয়েও শুধু একবারই সিরিজ জিতেছে বাংলাদেশ—২০১৫ সালে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের অতীত রেকর্ডও মিশ্র। এই মাঠে ২০১৩ সালে শ্রীলঙ্কাকে হারালেও, ২০২৩ সালে হেরেছিল টাইগাররা। তবে সেই পুরনো জয় আবার ফিরিয়ে আনতে পারলে, আজ ট্রফি উঠতে পারে বাংলাদেশের হাতেই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত