লিবিয়ার উপকূলে দুটি নৌকাডুবি: বাংলাদেশিসহ বহু অভিবাসীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ রবিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। গতকাল শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে। ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন অভিবাসী—যাদের মধ্যে দুজন মিসরীয় এবং বাকিরা সুদানি নাগরিক। এই নৌকাতে আটটি শিশুও ছিল, যদিও তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থল আল-খুমস শহরটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীদের নৌকাডুবির ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের সময় মুয়াম্মার গাদ্দাফি পতনের পর থেকেই লিবিয়া ইউরোপগামী অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ নৌপথে হাজারো মানুষ জীবনের বাজি রেখে ইউরোপে পৌঁছাতে চেষ্টা করছে, আর তারই করুণ পরিণতি দেখা যাচ্ছে এমন নৌকাডুবিতে।

রেড ক্রিসেন্ট জানায়, লিবিয়ার উপকূলরক্ষী এবং আল-খুমস বন্দর নিরাপত্তা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া লাশগুলো শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়ার উপকূলে আরেকটি রাবার নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। সংস্থাটির আশঙ্কা, তাদের কেউই বেঁচে নেই। ভূমধ্যসাগরের এই বিপদসংকুল পথ আবারও প্রমাণ করলো—নিরাপদ জীবনের সন্ধানে অভিবাসীদের পথচলার সঙ্গে লড়াই করে যেতে হচ্ছে মৃত্যু ও অনিশ্চয়তার বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত