সন্দেহ, অবিশ্বাস আর ভয়ের ভিত্তিতে কোনো দেশের টেকসই পরিবর্তন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, পরিবর্তনকে শুধুই সরকারের ওপর বা উপদেষ্টা পরিষদের ওপর ছেড়ে দিলে চলবে না; নাগরিকদের মানসিকতা ও আচরণে পরিবর্তন না এলে কাঙ্ক্ষিত রূপান্তর অসম্ভব।
রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদ শুধুমাত্র পথ দেখাতে পারে, কাঠামো ঠিক করতে পারে। কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন মানুষ নিজে থেকে তার দায়িত্ব বুঝে এগিয়ে আসবে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের সমাজে পুরোনো পদ্ধতি, পুরোনো আচরণ, পুরোনো রাজনীতি—সবকিছুই এত গভীরভাবে প্রোথিত যে সেখান থেকে বের হতে না পারলেই জুলাই আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি হয়।
তার ভাষায়, পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না; নিয়ম যদি ভুল হয়, সেটি সংশোধন করতেই হবে। তিনি মনে করিয়ে দেন, সন্দেহ আর অবিশ্বাস দিয়ে ক্রান্তিকাল মোকাবিলা সম্ভব নয়। বরং যেসব কাঠামো ও ব্যবস্থা বাস্তবতাকে পরিবর্তন করে দিতে পারে, সেগুলোকে শক্তিশালী করাই জরুরি।
তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন করার চেষ্টা করলেও নিয়ম যদি ত্রুটিপূর্ণ থাকে, তাহলে কাঙ্ক্ষিত ফল আসবে না। তাই মানুষের ওপর দায় চাপানোর আগে রাষ্ট্রীয় কাঠামো, আইন ও প্রাতিষ্ঠানিক নিয়মগুলোকে ঠিক করা খুবই জরুরি। উপদেষ্টা পরিষদ সেই কাজই করার চেষ্টা করছে বলে জানান তিনি।
নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই নদীকে দূষণমুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। তিনি মনে করেন, কেবল একটি জায়গায় কাজ করে নদী রক্ষা করা সম্ভব নয়। দূষণ নিয়ন্ত্রণে হতে হবে ব্যাপক, সমন্বিত এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ। পরিবেশ রক্ষার কাজে সব অংশীজনকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।