ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসে প্রথমেই গেলেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি। স্মৃতিসৌধের বেদীতে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে তিনি শহীদদের ত্যাগ ও আত্মোৎসর্গকে স্মরণ করেন।
এসময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গম্ভীর পরিবেশ তৈরি হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলের করুণ সুরে আরও গভীর হয়ে ওঠে মুহূর্তটি, যা দুই দেশের বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধের প্রতীক হিসেবে বিবেচিত।
এর আগে সকাল ৮টার দিকে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। সফরের শুরুতেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দেয় বলেই মন্তব্য করেছেন উপস্থিত কূটনীতিকরা।