প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন।
পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। একই ঘটনায় আহত অবস্থায় আরেকজন ডাকাতকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছেন।
রোববার ভোরে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে আহত ও আটক ডাকাত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়দের ধাওয়ায় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় জানিয়েছেন, ডাকাতরা অস্ত্রের মুখে ঘর থেকে স্বর্ণের চেইন, হাতের বালা, শাঁখা ও অন্যান্য স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।