ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন সম্ভাবনার বিশ্লেষণ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার
বাংলাদেশের নতুন সম্ভাবনা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ভূরাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ আজ আর কোনো প্রান্তিক রাষ্ট্র নয়; বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দু। দেশটির ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অগ্রযাত্রা, তরুণ কর্মশক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে বাড়তে থাকা গ্রহণযোগ্যতা—সব মিলিয়ে একটি নতুন বাংলাদেশ বিশ্বের সামনে আত্মপ্রকাশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক শক্তি-সমীকরণে শুধু অংশগ্রহণকারী নয়, বরং প্রভাব বিস্তারকারী এক উদীয়মান শক্তি।

বাংলাদেশের এই কৌশলগত গুরুত্বের মূল উৎস তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণের গভীর বঙ্গোপসাগর, যা বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট; উত্তরে ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাতটি রাজ্য, যেগুলো ভারতের সঙ্গে সংযুক্ত রয়েছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে—এ অঞ্চলগুলোর নিরাপত্তা ও বাণিজ্য প্রবাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল। শিলিগুড়ি করিডোরের যেকোনো অস্থিতিশীলতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করতে পারে, আর এ কারণে ভারতের কাছে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বহু গুণ বেড়ে গেছে।

এই বাস্তবতাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, “আমরাই সাগরের অভিভাবক।” তাঁর এই মন্তব্য শুধু একটি প্রতীকী ঘোষণা নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও সমুদ্রপথ নিয়ন্ত্রণে কৌশলগত আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এ বক্তব্য ভারতের ‘সাগর’ নীতির বিকল্প ধারণা হিসেবে বাংলাদেশের নিজস্ব অবস্থানকে সামনে নিয়ে এসেছে। অর্থাৎ, বঙ্গোপসাগর ব্যবহারে বাংলাদেশ আর নিছক কোনো টুল নয়; বরং যে কোনো সহযোগিতা হবে পরস্পরসম্মত, স্বার্থসংশ্লিষ্ট এবং সার্বভৌমত্ব-নির্ভর।

বাংলাদেশকে আর কেউ তলাবিহীন ঝুড়ি বলে বিবেচনা করে না। বরং দেশটি এখন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির উৎকর্ষ উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। আইএমএফ-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন বলছে, আগামী কয়েক দশকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশে পরিণত হতে পারে। ১৮ কোটির জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই তরুণ, যারা দক্ষতা, শ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্রস্থলে পরিণত করেছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান—সব শক্তি বাংলাদেশের বাজার, অর্থনৈতিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বুঝে দেশটির প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। চীন তার বিআরআই-এর মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো বিনিয়োগ বাড়াচ্ছে; অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশল দিয়ে চীনের প্রভাবকে প্রতিহত করার প্রচেষ্টায় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্প্রীতি জোরদার করছে। এই দুই পরাশক্তির প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ যদি শান্ত, ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখে, তবে উভয় দিক থেকেই আর্থিক, সামরিক ও কৌশলগত সুবিধা অর্জন সম্ভব।

তবে এ সম্ভাবনার পেছনে যে চ্যালেঞ্জগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোও কম নয়। রাজনৈতিক বিভাজন ও অভ্যন্তরীণ অস্থিরতা দেশের কূটনৈতিক সক্ষমতাকে দুর্বল করতে পারে। এই কারণে জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা জরুরি। রাষ্ট্রযন্ত্রের স্বচ্ছতা, দুর্নীতি দমন, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের সুযোগ কমে আসবে।

বাংলাদেশের ভূরাজনৈতিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সমুদ্রবন্দরগুলোর কৌশলগত ব্যবহার। মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর শুধু আন্তর্জাতিক জাহাজগুলোর ট্রানজিট নয়; বরং বাংলাদেশকে নিজস্ব বাণিজ্য ও লজিস্টিক হাবে পরিণত করতে পারে। বঙ্গোপসাগরের খনিজসম্পদ, নৌপথ ও সমুদ্রসীমা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করলে দেশটি সামুদ্রিক অর্থনীতির কেন্দ্র হিসাবে গড়ে উঠবে।

এ ছাড়া দেশের বিপুল তরুণশক্তিকে প্রযুক্তি, কারিগরি ও উচ্চশিক্ষায় দক্ষ করে তুলতে পারলে ভবিষ্যতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা সহজ হবে। তরুণরাই হবে পরবর্তী প্রজন্মের কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত নেতৃত্বের চালিকাশক্তি।

বাংলাদেশের ট্রানজিট নীতি ‘ইকুইটিফুল’ হতে হবে—অর্থাৎ কোনো পরাশক্তি দেশের ভূখণ্ড বা সমুদ্রসীমা ব্যবহার করলে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে হবে। কোনো সহযোগিতা যেন একতরফা সুবিধা না দেয়, বরং উভয় দেশের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেতে হবে।

বিশ্লেষকেরা বলছেন, কৌশলগত অবস্থান, তরুণ জনশক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার সমন্বয়ে বাংলাদেশ তার ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। সঠিক দিকনির্দেশনা, স্থিতিশীল অভ্যন্তরীণ পরিবেশ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারলে বাংলাদেশ শুধু আঞ্চলিক প্রতিযোগিতার শিকার হবে না, বরং বিশ্বমঞ্চে নিজস্ব পরিচয় ও মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।

বাংলাদেশ যে আজ ভৌগোলিক গুরুত্বের কারণে আলোচনায়, তা নয়; বরং সে নিজেই তার ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে নতুন এক শক্তির রূপ নিচ্ছে। সঠিক পরিকল্পনা ও বিচক্ষণ কৌশলের মাধ্যমে দেশটি আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত