ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার
যেভাবে প্রতিবাদী সাহসে গড়ে উঠেছেন মেধাবী শরিফ ওসমান হাদি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। প্রাথমিকভাবে কাছের কোনো দেশে নেওয়ার কথা ভাবা হচ্ছে, যেখানে সিঙ্গাপুরের নাম আলোচনায় রয়েছে।

হাদির শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। চিকিৎসার প্রয়োজনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার দেবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা শরিফ ওসমান হাদি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি।

এর আগে শুক্রবার রাতে হাদির শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে ব্রিফ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, বর্তমানে হাদির গুরুত্বপূর্ণ অঙ্গগুলো স্বাভাবিকভাবে কাজ করছে এবং আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। তবে চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হাদির দ্রুত সুস্থতা কামনা করছেন তার সমর্থকরা এবং বিভিন্ন মহল। এখন সবার দৃষ্টি তার শারীরিক অবস্থার উন্নতি এবং বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের দিকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত