বন্যা দুর্গত এলাকায় স্থায়ী সমাধানের তাগিদ দিয়েছে এবি পার্টি

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৪ বার

 

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনী জেলার সদর উপজেলা, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ও পিরোজপুরের বিস্তীর্ণ অংশে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, সেটি রীতিমতো দুর্যোগের রূপ নিয়েছে বলে মন্তব্য করেন মঞ্জু। তিনি বলেন, বারবার একই ধরনের বিপর্যয় ঘটছে অথচ দীর্ঘমেয়াদি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এটি অত্যন্ত হতাশার বিষয়।

বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান সুনির্দিষ্টভাবে মুছাপুর ক্লোজার এবং বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণে সরকারের বর্তমান অবস্থান জানতে চান। তিনি বলেন, ‘‘গত বছরের বন্যার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি বাঁধগুলো মেরামত ও পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হতো, তবে এবার হয়তো এমন দুরবস্থার মুখে পড়তে হতো না।’’ তিনি আরও বলেন, ‘‘পানিনিষ্কাশনের সঠিক ব্যবস্থা ও জলাধারগুলোর স্বাভাবিক প্রবাহে কোনো ধরনের বাধা না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।’’

বৈঠকে তিনি দুর্যোগপূর্ণ এলাকায় দ্রুত উদ্ধার কার্যক্রম ও জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি পুনর্বাসন পরিকল্পনা স্পষ্ট করার দাবি জানান। এছাড়া বাঁধ ও বন্যা প্রতিরোধ কাঠামোয় কোনো ধরনের অনিয়ম থাকলে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন তিনি।

বৈঠক শেষে এবি পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম দুর্যোগ ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই দাবি করে আশ্বস্ত করেছেন যে, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত আছে এবং জেলা প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি জানিয়েছেন, প্রয়োজনে দুর্গত এলাকায় আরও ত্রাণ সহায়তা ও উদ্ধার তৎপরতা জোরদার করা হবে। এছাড়া মজিবুর রহমান মঞ্জুর উত্থাপিত অন্যান্য বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সরাসরি সংলাপের মাধ্যমে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও উঠে আসে। এবি পার্টির চেয়ারম্যান জানিয়েছেন, শুধু জরুরি ত্রাণ নয়, নদী-উপনদী খনন, বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ এবং অবৈধ দখল উচ্ছেদে সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়া দেশের নিম্নাঞ্চলগুলোর বন্যা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।

বৈঠক শেষে এবি পার্টি স্পষ্ট করেছে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তারা এই ইস্যুতে সরকারকে যৌক্তিক চাপ প্রয়োগ ও সমন্বিত সমাধানের কাজ চালিয়ে যাবে।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত