প্রাথমিকের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করতে চাই: তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি ক্ষমতায় এলে শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি মনে করেন, জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমেই, তাই এই স্তরে বিনিয়োগ বাড়ানো জরুরি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও শিষ্টাচার শেখানোর বিষয়টিও স্কুল থেকেই শুরু হওয়া উচিত। এ কারণেই বিএনপি প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে চায়।

তারেক রহমান বলেন, “আমরা প্রাথমিক শিক্ষকদের আরও বেশি যোগ্য করে তুলতে চাই। তাদের জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, যেখানে একদিকে থাকবে আধুনিক ও মানসম্মত একাডেমিক ট্রেনিং, অন্যদিকে থাকবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে দিকনির্দেশনা। এই মূল্যবোধগুলো শিশুদের শেখানো খুবই গুরুত্বপূর্ণ।”

সাইবার বুলিং প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও ভুলের পার্থক্য শেখাতে পারলে ভবিষ্যতে অনেক সামাজিক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, “শিশু বয়সে যদি আমরা তাদের শেখাতে পারি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সাদা আর কোনটা কালো—তাহলে একটা পর্যায়ে গিয়ে এই বোধ তাদের মধ্যে স্বাভাবিকভাবেই গড়ে উঠবে।”

তারেক রহমান আরও বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধকে শিক্ষার মূলধারায় যুক্ত করতে পারলে সমাজে সহনশীলতা বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিএনপি সেই লক্ষ্য নিয়েই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত