বিশেষ চাহিদাসম্পন্ন ১৬ জন তরুণ-তরুণীকে গহনা তৈরির দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার
বিশেষ চাহিদাসম্পন্ন ১৬ জন তরুণ-তরুণীকে গহনা তৈরির দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন

১৯ আগস্ট ২০২৫ |  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

এসএমই ফাউন্ডেশন দেশের বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ও তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো ১৬ জন এই তরুণ-তরুণীকে গয়না তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের অভিভাবককেও উপস্থিত রাখা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল গয়নাশিল্পের মৌলিক উপকরণ ও সরঞ্জাম চেনা, সহজ নকশার কানের দুল, মালা ও চুড়ি তৈরি, রঙের ব্যবহার এবং সাজানোর কলাকৌশল শেখানো। তুলনামূলক সহজ পদ্ধতিতে বিডিং ও আপ-সাইকেল পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে গয়না তৈরি শিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষ হওয়ার পর রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি টেলিভিশনের স্টুডিওতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের তৈরি পণ্য প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি দেওয়ান শামসুর রকিব, নাট্যব্যক্তিত্ব এজাজুল ইসলাম, কণ্ঠশিল্পী হায়দার হোসেন এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। এছাড়া ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. আবদুস সালাম সরদারও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মুসফিকুর রহমান অনুষ্ঠানে বলেন, এই প্রশিক্ষণ বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ দেবে। প্রশিক্ষণ শেষে তারা ঘরে বসে হস্তশিল্পের মাধ্যমে আয় করতে সক্ষম হবেন, যা তাদের সমাজে অন্তর্ভুক্তি ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করবে। ফাউন্ডেশন জানায়, শুধু প্রশিক্ষণই নয়, উদ্যোক্তা হওয়ার জন্য প্রাথমিক সহায়তাও প্রদান করা হবে। ভবিষ্যতে ফটোগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ও হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ১২তম এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারীদের তৈরি পণ্যের জন্য বিশেষ স্টল বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত