দুর্যোগ প্রস্তুতির কার্যক্রমে অংশ নেবে ৩ কোটিরও বেশি কিশোর-কিশোরী

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮ বার
দুর্যোগ প্রস্তুতির কার্যক্রমে অংশ নেবে ৩ কোটিরও বেশি কিশোর-কিশোরী

২০ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কবার্তাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের কিশোর-কিশোরীদের নেতৃত্বে যাত্রা শুরু করল মেট ক্লাব। এই উদ্যোগ দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৫ থেকে ১৮ বছর বয়সী তিন কোটিরও বেশি শিশু ও কিশোর-কিশোরীকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থার কারণে মেট ক্লাবকে জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, উন্নয়ন ও মানবিক সংস্থার কর্মকর্তা, স্থানীয় অংশীজন এবং ঢাকা ও চট্টগ্রামের মেট ক্লাব সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের সূচনা হয় শিশুদের তৈরি আবহাওয়া বিষয়ক সরঞ্জামের প্রদর্শনী দিয়ে। এরপর মঞ্চস্থ হয় নাটক ‘পাহাড়তলি গ্রামের গল্প’, যেখানে মেট ক্লাবের সদস্যরা দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং সচেতনতা সৃষ্টির কার্যক্রম তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠিত হয় আবহাওয়া বুলেটিন প্রদর্শনী, দলগত সহযোগিতা কার্যক্রম, প্যানেল আলোচনা এবং আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাস পদ্ধতি নিয়ে উপস্থাপনা।

প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বলেন, মেট ক্লাবের কার্যক্রম দেখে তিনি অভিভূত। শিশুরা কেবল পরিবারের নয়, কমিউনিটিতেও আগাম সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে, যা দুর্যোগে মৃত্যুহার কমাতে সাহায্য করছে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, এই নেতৃত্বের দক্ষতা ভবিষ্যতে আরও মানবিক প্রজন্ম গড়ে তুলবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম উল্লেখ করেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, তাই মেট ক্লাবের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক বলেন, আগাম সতর্কবার্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের দুর্যোগ মোকাবিলার সাফল্যে। মেট ক্লাব সেই উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ে প্রতিষ্ঠার মাধ্যমে এই মডেল প্রাতিষ্ঠানিক রূপ পাবে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা শিশুরা শুধুমাত্র আগাম সতর্কতা নয়, উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা এবং সমাজে পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসেবেও নিজেদের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

মেট ক্লাবের এই উদ্যোগ দেশের দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থায় নতুন দিগন্ত খুলেছে, যেখানে কিশোর-কিশোরীরা নেতৃত্ব দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা পালন করবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত