প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ অনলাইন
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও অধিনায়ক মাইকেল ক্লার্ক সম্প্রতি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্লার্ক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি প্রকাশ করেন এবং ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন।
ক্লার্ক তার পোস্টে লিখেছেন, “ত্বকের ক্যান্সার এখন বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আমার নাক থেকে একটি অংশ কেটে ফেলা হয়েছে। এটি আপনাদের ত্বক পরীক্ষা করার বিষয়টি মনে করিয়ে দিতে সাহায্য করবে। নিরাময় চেয়ে প্রতিরোধ অনেক গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রেও নিয়মিত চেকআপ এবং প্রাথমিক সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”
এই সতর্কবার্তার মাধ্যমে ক্লার্ক সকলকে ত্বকের নিয়মিত পরীক্ষা এবং সুরক্ষার প্রতি মনোযোগী হতে অনুরোধ করেছেন। তাঁর চিকিৎসা অনুযায়ী নাকের একটি অংশ কেটে ফেলা হয়েছে, যা বড় ধরনের বিপদ এড়াতে জরুরি পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনটি ফরম্যাটে তিনি যথাক্রমে ৮,৬৪৩, ৭,৯৮১ এবং ৪৮৮ রান সংগ্রহ করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৬টি সেঞ্চুরি করেছেন। ক্রিকেট জীবনের পর থেকে ক্লার্ক ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন এবং এখনও ক্রিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সতর্কবার্তা ত্বকের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উজ্জ্বল সূর্যযুক্ত দেশ অস্ট্রেলিয়ায়, যেখানে স্কিন ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, এই ধরনের সতর্কবার্তা জনসাধারণের জন্য শিক্ষণীয় ভূমিকা রাখে।