প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লীগ স্টেজের ড্র আজ বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হবে। এই ড্রয়ে মোট ৩৬টি দল অংশ নেবে, যেখানে ইতোমধ্যেই চারটি পটের ভিত্তিতে দলগুলোকে শ্রেণিবদ্ধ করেছে উয়েফা। এতে স্থান পাওয়া জায়ান্ট ক্লাবগুলো হলো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ড্রয়ে অংশ নেওয়া দলগুলো চারটি পটে ভাগ করা হয়েছে। পট–১-এ বিশ্বের সেরা ক্লাবগুলো স্থান পেয়েছে, যেখানে রয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনা। পট–২-এ আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং ক্লাব ব্রুজ রয়েছে।
পট–৩-এ আছে অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট এবং টটেনহাম হটস্পার। পট–৪-এ স্থান পেয়েছে এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি এবং কাইরাত।
নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মোট চারটি করে ম্যাচ খেলবে, যার ফলে সব মিলিয়ে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগ স্টেজের এই প্রতিযোগিতায় পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ২৪ দল নকআউট পর্বে উঠে যাবে। এর মধ্যে প্রথম ৮ দল সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছাবে, বাকি ১৬ দল প্লে-অফ খেলে শেষ ষোলোর জায়গা নিশ্চিত করবে। এরপর ক্রমশ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের লড়াইয়ে উত্তেজনা ছড়িয়ে দেবে মৌসুম।
বিশ্বের ফুটবলপ্রেমীরা এখন মুখিয়ে আছেন এই ড্রয়ের জন্য, যেখানে দেখা যাবে কোন ক্লাব কোন গ্রুপে পড়ে এবং তাদের সাম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে। প্রতিটি ম্যাচের ফলাফল, দলগুলোর পারফরম্যান্স এবং নতুন ফরম্যাটের প্রভাব সব মিলিয়ে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগকে আরও নাটকীয় এবং আকর্ষণীয় করবে।