প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরিবেশে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে বলে ছড়ানো একটি ভিডিওকে সম্পূর্ণ ভুয়া হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সংক্রান্ত ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, অনলাইনে প্রচারিত ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং এটি পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্যের ভিডিও।
ভুয়া ভিডিওতে দাবি করা হয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি মূলত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ের দৃশ্য, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ধরা পড়েছিল। ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে বাংলা আউটলুক-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ জুলাই ঢাবিতে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা আহত হন।
অধিকন্তু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন কোণ থেকে ধারণ করা একই দৃশ্যও দেখা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ওই দিন জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
বাংলাফ্যাক্ট আরও নিশ্চিত করেছে, গণমাধ্যম বা অন্যান্য বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনের ভোট প্রত্যাখ্যানের পর ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে— এমন কোনো সত্যতা পাওয়া যায়নি। অনলাইনে ছড়ানো ভিডিওটি পুরোনো এবং প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাফ্যাক্ট নিয়মিত কাজ করছে। তাদের অনুসন্ধান ও যাচাই কার্যক্রম নিশ্চিত করছে, যে কোনো ধরনের প্রণোদিত মিথ্যাচার বা বিভ্রান্তিমূলক প্রচার সঠিকভাবে চিহ্নিত ও প্রকাশ করা হচ্ছে।