প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা
একটি বাংলাদেশ অনলাইন
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রাঙ্গণে গণমাধ্যমকে এই তথ্য জানান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, মূলত রাষ্ট্রপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীকে বুধবার উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষ ট্রাইবুনালে সময়ের আবেদন করে সোমবার সাক্ষ্য প্রদানের দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউটর তামিম আরও বলেন, বিগত সরকারের মেয়াদে সংঘটিত মানবতাবিরোধী সব অপরাধ এবং জুলাই-আগস্ট গণহত্যার প্রমাণ হিসেবে এই দুই সাক্ষী তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ট্রাইবুনালে তুলে ধরবেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার সাক্ষ্যগ্রহণ মাসের মধ্যেই শেষ করার প্রস্তুতি রয়েছে।
এদিন ট্রাইবুনালে ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে হাজির করা হয়। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই সাক্ষ্যগ্রহণ মামলার প্রমাণ সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।