বসুন্ধরা চেয়ারম্যানের চিঠি- আদালত কি বিদেশে যাওয়ার অনুমতি দিবেন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার
বসুন্ধরা চেয়ারম্যানের চিঠি- আদালত কি বিদেশে যাওয়ার অনুমতি দিবেন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের পাঁচ সদস্য বিদেশ যেতে আদালতে অনুমতির আবেদন করেছেন। আবেদনকারীর মধ্যে রয়েছেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং আরও দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে আবেদনটি দায়ের করা হয়। আবেদনটি করেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম। এসময় তার সঙ্গে ছিলেন ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ আরও কয়েকজন আইনজীবী।

দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত বিদেশে যাত্রার বিষয়ে আনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তির পর ২৬ অক্টোবর পুনরায় শুনানির দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, এই আবেদন পূর্বে গত বছরের ডিসেম্বরে করা হয়েছিল। এর আগে একই পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিলেন আহমেদ আকবর সোবহান ওরফে শাহে আলম, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী সাবরিনা সোবহান, আরও দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান সানভীর, এবং সাফওয়ান সোবহান।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে তারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আদালত তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপ করে।

এবারের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, বিদেশগমন অনুমতি দেওয়া হলে পরিবারটি চিকিৎসা, ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে সীমিত সময়ের জন্য দেশের বাইরে যাওয়া সম্ভব হবে। তবে আদালত আনুসন্ধানকারীর প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত