জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সেই নির্বাচন অর্থহীন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (স্থানীয় সময়) বেলা ১১টায় লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না, যা করতে পারে তাই বলে। জনগণের নৈতিক আশা-আকাঙ্ক্ষার বাইরে কিছু কল্পনাও করি না।” তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং সেটা কাজের মাধ্যমেই প্রমাণ করব।”
প্রবাসীদের অধিকার নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা সবসময় সোচ্চার। যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতি টিকে আছে, তাদের ভোটের বাইরে রাখার কোনো নৈতিক অধিকার কারও নেই।”
গুম-খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যেকোনো অপরাধের বিরোধী। যারা মানুষ হত্যা, নির্যাতন বা নিপীড়নের সঙ্গে যুক্ত, তারা সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—তারা সবাই অপরাধী।”
যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এসময় জামায়াতের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লন্ডনের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডা. শফিক বলেন, “জামায়াত এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে ঘুষ, চাঁদাবাজি বা রাজনৈতিক চাপে পড়তে হবে না। আমরা চাই দেশ হোক দুর্নীতিমুক্ত, যেখানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন।”
তিনি আরও যোগ করেন, “জামায়াত ইসলামী কখনো এমন কিছু করবে না যাতে ব্যবসায়ীদের ক্ষতি হয়। বরং সুযোগ পেলে আমরা এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করব, যেখানে সৎ পরিশ্রম আর ন্যায্য অধিকারই হবে উন্নয়নের ভিত্তি।”