জাটকা রক্ষায় শনিবার থেকে দেশব্যাপী ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার
জাটকা রক্ষায় শনিবার থেকে দেশব্যাপী ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে দেশব্যাপী নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই সময়ে ২৫ সেন্টিমিটারের নিচে ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলমান ছিল ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’। ওই সময় প্রজননক্ষম ইলিশ রক্ষায় সারাদেশে কঠোর অভিযান পরিচালিত হয়। এখন সেই ডিমওয়ালা ইলিশের ডিম থেকে উৎপন্ন পোনা উপকূলীয় নদনদী ও মোহনাসমূহে বেড়ে উঠছে। এসব পোনা নিরাপদে পরিণত হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে সরকার।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ–২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা–১৯৮৫ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকরে মাঠ পর্যায়ে থাকবে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জাটকা রক্ষায় এবার নজরদারি আরও কঠোর করা হবে যাতে দেশের প্রধান জাতীয় মাছ ইলিশের প্রাচুর্য টেকসইভাবে বজায় থাকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত