প্রকাশ: ০৬ নভেম্বর বৃহস্পতিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
দেশের আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসন থেকে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আগেও এক আসন থেকে নির্বাচন করা হিরো আলম এবার ঢাকা-১৭ এর পাশাপাশি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকেও প্রার্থী হবেন।
হিরো আলম বলেন, ‘‘এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। ঢাকায় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর অনেক মানুষ আমাকে উৎসাহিত করেছে। তখনই সিদ্ধান্ত নিয়েছি, দুই আসন থেকে নির্বাচনে অংশ নেব।’’
ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে শক্তিশালী প্রার্থীদের সঙ্গে। এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে আন্দালিব রহমান পার্থ। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। হিরো আলম এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। তিনি উল্লেখ করেন, ‘‘নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যমও। আমি চাই দেশে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হোক।’’
হিরো আলম আরও বলেন, ‘‘মানুষ আসুক, ভোট দিন, উৎসব করুন। আমি ১০০ ভোট পেলেও সমস্যা নেই। অনেক দলের প্রধানের সঙ্গে কথাও চলছে। যদি কথাবার্তায় মিল থাকে, কোনো দলেও যোগ দিতে পারি। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থাকব।’’
রাজনীতিতে হিরো আলমের এই অনন্য অবস্থান এবং দুই আসন থেকে নির্বাচন করার ঘোষণা নির্বাচনী মাঠে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ঢাকা ও বগুড়ার নির্বাচনী এলাকার মানুষের প্রতিক্রিয়া এবং অন্যান্য প্রার্থীদের কৌশল আগামী নির্বাচনে এই বিষয়টি আরও প্রভাবিত করতে পারে। হিরো আলমের ঘোষণা দেশের রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের রাজনৈতিক পদক্ষেপ সাধারণ প্রার্থীদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যোগ করছে।